
মৌলভীবাজারে শাহবন্দর (পতন) এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় আয়োজিত “শাহবন্দর পতন ফুটবল টুর্নামেন্ট সিজন ৬”-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে শাহবন্দর মনু নদীর পাড় সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবন্দর যুব সংস্থা (শাযুস)-এর প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নাজমুল ফোর্সেস ও রনি বাইকিং। ম্যাচের প্রথমার্ধে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে নাজমুল ফোর্সেস ১-০ গোলে রনি বাইকিংকে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দল প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দল দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি রঙিন টেলিভিশন লাভ করে।
এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ সহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply